৩৫ বছর না হওয়া চাকসু নির্বাচনের তফসিলের দাবিতে মূল চবির ফটকে তালা 

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৮:১৫

দীর্ঘ ৩৫ বছর ধরে না হওয়া চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সোয়া ২টায় বিশ্ববিদ্যালয়টির মূল ফটকে এ কর্মসূচি শুরু হয়।  

‘প্রহসন বন্ধ করো, চাকসুর তফসিল ঘোষণা করো', 'মিটিং মিটিং খেলার অবসান চাই, চাকসুর তফসিল চাই'—ইত্যাদি প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচিতে অবস্থান নেন নেতা-কর্মীরা। কর্মসূচি শেষে বেলা তিনটার দিকে তালা খুলে দেন তারা। 

ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক তামজীদ উদ্দিন আহমেদ জানান, চাকসুর তফসিল দেওয়ার দাবিতে তারা আগেই সংবাদ সম্মেলন করেছিলেন। ওই সম্মেলনে তফসিল ঘোষণা করার জন্য প্রশাসনকে সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু বেঁধে দেওয়া সময়ে প্রশাসন তফসিল ঘোষণা না করায় তারা ৩০ মিনিটের জন্য অবরোধ করেছেন। দ্রুত সময়ের মধ্যে তফসিলের ঘোষণা না এলে তাঁরা আরও কঠোর আন্দোলন করবেন।

ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব রোমান রহমান বলেন, দেশের বাকি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। কিন্তু প্রশাসন চাকসুর তফসিল ঘোষণা করতে পারেনি। এ কারণে আমরা কর্মসূচি পালন করেছি।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্র সংসদ নির্বাচন (চাকসু) হয় ১৯৭০ সালে। সম্প্রতি তিনটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়—ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর—দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেও এ বিষয়ে নীরব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এই বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে।

ইত্তেফাক/এএম/এমএইচএস