সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই আন্দোলনের ফলে উভয়প্রান্তে ছয়টি ট্রেন আটকে পড়েছে, যার মধ্যে পাঁচটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেন।
প্রায় ৬ ঘণ্টা অবরোধ থাকার পর দুপুর ৩টায় অবরোধ উঠিয়ে নেন শিক্ষার্থীরা। তবে আগামীকাল বৃহস্পতিবার দাবি আদায়ের লক্ষ্যে যমুনা সেতু অবরোধ করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নয় বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন তারা। এর আগে ১০ আগস্ট হাটিকুমরুল গোলচত্বরে মহাসড়ক অবরোধ করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় তারা আবার রেলপথ অবরোধে নেমেছেন।
তাদের দাবি, ‘আমরা ক্যাম্পাস চাই। ক্যাম্পাস বাস্তবায়ন ছাড়া ঘরে ফিরব না।’
শিক্ষার্থীদের চলমান আন্দোলনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছেন। এর আগে জানুয়ারি মাসে একটানা কর্মসূচির মাধ্যমে মহাসড়ক অচল করে দেওয়া হয়েছিল, কিন্তু আশ্বাসের পরও ডিপিপি অনুমোদন না হওয়ায় আন্দোলন আবারও জোরদার হয়েছে।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, অবরোধ দীর্ঘস্থায়ী হলে ট্রেনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। তবে দ্রুত অবরোধ তুলে নিলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। অবরোধের সময় বাড়লে ট্রেনের সিডিউল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
চলমান এই আন্দোলন রেল যোগাযোগে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে, বিশেষ করে ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের সঙ্গে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

