সিনেমা রিলিজ ছাড়াও আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রায়ই চলে আসেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী। ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনই আলোচনার মূল কারণ।
২০১৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাকিব ও বুবলী। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শেহজাদ। যদিও বিয়ের খবর প্রকাশ্যে আসে আরও পরে। এরপর থেকেই তাদের সম্পর্কে ফাটলের খবর ছড়িয়ে পড়ে। শাকিব খান বিভিন্ন সময় সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সম্পর্ক নেই বলে জানালেও, সন্তানের মা হিসেবে তাদের মধ্যে যোগাযোগ আছে বলে উল্লেখ করেন।
এরই মাঝে বুধবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান ও তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের একটি ছবি শেয়ার করেছেন বুবলী, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যায়, আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত ডিজনি ওয়ার্ল্ডের সামনে ছেলেকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন শাকিব। দুজনের চোখে রোদচশমা, আর মুখে হাসির ঝলক।
ছবিটি শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবী ভ্রমণ, ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা আমেরিকা।’ এর সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
