সরকারিভাবে আয়োজিত বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মচারীদের ভাতা দ্বিগুণ করা হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষকদের সম্মানী সর্বোচ্চ ১ হাজার ১০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে, যাতে সই করেছেন অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার।
নতুন নিয়ম অনুযায়ী তৃতীয় গ্রেড বা যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা প্রতি ঘণ্টার সেশনে ৩,৬০০ টাকা প্রশিক্ষক সম্মানী পাবেন (পূর্বে ছিল ২,৫০০ টাকা)। চতুর্থ ও পঞ্চম গ্রেড (উপসচিব ও তদনিম্ন) পর্যায়ের কর্মকর্তারা প্রতি ঘণ্টার সেশনে ৩,০০০ টাকা সম্মানী পাবেন (পূর্বে ছিল ২,০০০ টাকা)।
প্রশিক্ষণার্থীদের জন্য ভাতা দ্বিগুণ করা হয়েছে। গ্রেড-৯ ও তদূর্ধ্ব পর্যায়ের প্রশিক্ষণার্থীদের প্রতিদিনের ভাতা ১,২০০ টাকা (পূর্বে ছিল ৬০০ টাকা)। গ্রেড-১০ ও নিম্নপর্যায়ের কর্মচারীদের প্রতিদিনের ভাতা ১,০০০ টাকা (পূর্বে ছিল ৫০০ টাকা)।
বাড়ানো হয়েছে কোর্স পরিচালনা ও সহায়ক স্টাফদের সম্মানীও কোর্স পরিচালকের সম্মানী: ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা, কোর্স সমন্বয়কের সম্মানী: ১২০০ টাকা থেকে ১৫০০ টাকা, সাপোর্ট স্টাফদের সম্মানী: ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা করা হয়েছে।
নতুন প্রজ্ঞাপনে যেসব উল্লেখিত শর্তনমূহ: ১. এই হার কেবল নিজ নিজ মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের কর্মীদের জন্য প্রযোজ্য। ২. সদর দপ্তর থেকে মাঠপর্যায়ে আয়োজিত প্রশিক্ষণে এই হার প্রযোজ্য হবে না। ৩. দিনব্যাপী না হলে দুপুরের খাবার বাবদ ব্যয় অনুমোদিত নয়। ৪. প্রকল্পভিত্তিক প্রশিক্ষণে এই হার প্রযোজ্য হবে না। ৫. গ্রেড বলতে বোঝাবে সাবস্টেনটেটিভ বা মূল গ্রেড। ৬. নতুন এই হার প্রজ্ঞাপন জারির তারিখ থেকে কার্যকর হবে।
