চট্টগ্রামের লোহাগাড়ায় মাছবোঝাই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৪আগস্ট) রাত ১১টার দিকে লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়াা ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কক্সবাজারের ঈদগাঁও সদর ইউনিয়নের কানিয়াছড়া গ্রামের শামসুল ইসলামের ছেলে জিহাদ (১৯) ও জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের আবদু শুক্কুরের পুত্র রাকিব ইসলাম (২০)।
নিহতদের বন্ধু ইউসুফ বলেন, বৃহস্পতিবার রাতে ৬ বন্ধু মিলে তিনটি বাইক নিয়ে রাঙ্গামাটির সাজেক যাচ্ছিলাম। জিহাদ ও রাকিব এক মোটরসাইকেলেই ছিল। রাত ১১টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় আমাদের পেছনেই তার আসছিল। হঠাৎ বিকট শব্দ শুনে পেছনে তাকাতেই দেখি পিকআপ তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তারা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরে সিএনজি অটোরিকশায় তাদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শহিদুল ইসলাম জানান, দুজন ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
এদিকে, পার্বত্য বান্দরবান জেলার লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আহমেদ মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি টিম চাম্বি বাজার থেকে মাছবোঝাই মিনি পিকআপ চালক মো. আমির উদ্দীন (২৪) ও চালকের সহকারী জয়নাল আবেদিন জোবাইরকে (২০) আটক করেছে। পিকআপ জব্দ করা হয়েছে।
আজিজনগর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আহমেদ মোর্শেদ জানান, জাঙ্গালিয়া সড়ক দুর্ঘটনায় ঘাতক পিক আপটি আজিজনগরের দিকে গেছে এমন খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ গাড়িটিকে স্থানীয়দের সহযোগিতায় আজিজনগর চাম্বি মফিজ বাজারে আটক করেছি। যেহেতু দুর্ঘটনাটি দোহাজারী হাইওয়ের আওতাধীন এলাকার, তাই বিষয়টি দোহাজারী হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।
আটক দুজনকে ও ঘাতক গাড়িটি দোহাজারী হাইওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. জুপিটর আলী বলেন, দুর্ঘটনার পরপরই আজিজনগর পুলিশ ফাঁড়ির টিম মাছবোঝাই গাড়ির চালক, সহকারীকে আটক করেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পিকআপসহ দুজনকে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নিয়ে আসি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
