ক্রিকেট ভদ্রলোকের খেলা। তবে অনেক সময় মাঠে ক্রিকেটারদের মেজাজ হারাতে দেখা যায়। বাগবিতণ্ডা থেকে কখনো হাতাহাতিতেও জড়িয়ে পড়েন অনেকে। আর এই ঘটনাগুলো দ্রুতই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ ‘এ’-পাকিস্তান শাহিনস ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৫ টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। এই ম্যাচের একটি ঘটনা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে সতীর্থ ইয়াসির খানের ওপর মেজাজ হারাতে দেখা যায় পাক ওপেনার খাজা নাফেকে।
প্রথমে ব্যাট করতে নেমে ১১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১১১ রান সংগ্রহ করে পাকিস্তান শাহিনস। ১২তম ওভারের প্রথম বলে হাসান মাহমুদকে লেগ সাইডে ঘোরাতে গেলেও ঠিকমতো টাইমিং করতে পারেননি ইয়াসির খান। তবুও রান নেওয়ার জন্য ননস্ট্রাইক প্রান্ত থেকে দৌড় দেন নাফে। তবে নাফের ডাকে সাড়া না দিয়ে দাঁড়িয়ে থাকেন ইয়াসির।
তখন বাংলাদেশের উইকেটরক্ষক নুরুল হাসান সোহান দৌড়ে এসে হাসানকে বল তুলে দেন। নাফেকে রান আউট করেন হাসান। রান আউট হওয়ার পর মেজাজ হারিয়ে নাফে তৎক্ষণাৎ ব্যাট ছুড়ে মেরেছেন। ইয়াসিরের উদ্দেশে কিছু বলতেও থাকেন এই পাক ওপেনার।
নাফে ৩১ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৬১ রান। তার আউটে ১১১ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর পাকিস্তান শাহিনস রান তুলেছে ঝড়ো গতিতে। ২০ ওভারে ৪ উইকেটে ২২৭ রান তুলেছে পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেন ইয়াসির।
২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ রানে প্রথম উইকেট হারালেও বাংলাদেশ ‘এ’ রান তুলতে থাকে ঝড়ো গতিতে। একটা পর্যায়ে ৭ ওভারে ১ উইকেটে ৯২ রান ছিল বাংলাদেশের স্কোর। এখান থেকেই ধসের শুরু সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দলের। ৫৬ রানে ৯ উইকেট হারিয়ে ১৬.৫ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৫৭ রান করেন সাইফ হাসান।
