মানিকগঞ্জের সাটুরিয়ায় দরগ্রাম সড়কের এলাহীর মোড় এলাকায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ব্যাটারিচালিত অটোরিকশা চালক রফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। এতে আরও একজন আহত হন।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার গোপালপুর গ্রামের মো. আজান মিয়ার ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে সাটুরিয়া থেকে দরগ্রাম এলাকায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৪৫) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন রফিকুল ইসলামকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এই ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুল বারেক মিয়া (৪০) আহত হয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
