জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে আয়োজিত দাবা টুর্নামেন্টে বুধবার (১৩ আগস্ট) এক রাউন্ড বাকি থাকতে চ্যাম্পিয়ন হয়েছেন সাকলাইন মোস্তফা সাজিদ। ৭ রাউন্ডের সবকয়টি খেলায় জিতেছেন তিতাস ক্লাবের ফিদেমাস্টার। যেখানে তার প্রতিপক্ষ ছিলেন মিনহাজ উদ্দিন আহমেদ, সুব্রত বিশ্বাস ও তাহসিন তাজওয়ারের মতো শক্তিশালী প্রতিপক্ষ।
বাংলাদেশে প্রতিভাবান দাবাড়ু থাকলেও তার মূল্যায়ন যথাযথ ভাবে করা হয় কি না, তা নিয়ে আছে নানা প্রশ্ন। লাল-সবুজের দেশের সর্বশেষ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। ২০০৮ সালে পঞ্চম বাংলাদেশি হিসেবে জিতেছেন গ্র্যান্ডমাস্টার। এরপর প্রায় ১৭ বছর কেটে গেলেও একজন দক্ষ গ্র্যান্ডমাস্টার তৈরি করতে পারেনি বাংলাদেশ দাবা ফেডারেশন। তবে ফিদেমাস্টার সাকলাইন স্বপ্ন দেখেন দেশের হয়ে ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার। ১৩ বছর বয়সী সাকলাইন স্বপ্ন দেখলেও মুদ্রার উলটো পিঠে শুধু আক্ষেপের গল্প।
গেল কয়েক বছর ধরে কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছেন সাকলাইন। তবে সেই টুর্নামেন্টগুলোতে কোচ এবং প্রশিক্ষণ ছাড়াই অংশ নিতে হয়েছে তাকে! সবশেষ জুনে দুবাই ওপেনেও সাকলাইন খেলেছেন কোচ এমনকি অনুশীলন ছাড়া। সেখানে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে দুবাইয়ের বি ক্যাটাগরিতে ষষ্ঠ হয়ে ১ হাজার ডলার পুরস্কার জিতেছিলেন তিনি। প্রতিভা থাকলেও প্রশিক্ষণ ছাড়া কতদূর যেতে পারবেন সাকলাইন? এমন কথায় আক্ষেপের সুর সাকলাইনের বাবা আবুল কালাম আজাদের কণ্ঠে। তিনি বলেন, 'ও (সাকলাইন) যথেষ্ট মেধাবী। ওর যেটা প্রয়োজন সেটা হলো প্রশিক্ষণ। অন্তত ছয় মাসের প্রশিক্ষণের যদি ব্যবস্থা করা যেত।'
বাবার মতো একই আক্ষেপ সাকলাইনের কণ্ঠেও। গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন থাকলেও বাস্তবে তার রূপ দেওয়ার জন্য প্রশিক্ষণ প্রয়োজন। এই নিয়ে সাকলাইন বলেন, 'আমার প্রশিক্ষণের খুব প্রয়োজন। প্রশিক্ষণ করে কোথাও খেলতে গেলে খুব ভালো রেজাল্ট হতো। আমি আসলে নিজের চেষ্টায় খেলে যাচ্ছি। প্রতিদিন ৬ ঘণ্টা একা একা অনুশীলন করি। তবে এটা যথেষ্ট না।'
বতর্মানে সাকলাইন ফিদে রেটিং স্ট্যান্ডার্ড দাবায় ২২০৪তম। প্রথমে আন্তর্জাতিক মাস্টার, এরপর ধাপে ধাপে গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন দেখছেন। বলেন, 'আমি এখন দেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হতে চাই।' তবে বাস্তবতা কতটা ভিন্ন সেটাও জানা আছে তার। ভারতের দিব্যা দেশমুখ সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। তার উদহারণ টেনে সাকলাইন বলেন, 'ওরা অনেক সুযোগ-সুবিধা পায়। ওদের স্পনসরও থাকে। ওদের মতো সুযোগ-সুবিধা ও ট্রেনিং পেলে আমিও দ্রুতই গ্র্যান্ডমাস্টার হতে পারব।'

