চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
এসময় সঙ্গে ছিলেন তার স্ত্রী বিলকিস আখতার হোসেন ও ছোট ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন।
যাত্রার আগে তার ছেলে খন্দকার মারুফ বলেন, চিকিৎসকদের পরামর্শে লন্ডনে ডাক্তার দেখাতে যাচ্ছেন বাবা। আপনারা দোয়া করবেন। দেশবাসী ও বিএনপির নেতাকর্মীদের কাছেও দোয়া চান তিনি।
লন্ডন যাওয়ার আগে গত মঙ্গলবার রাতে গুলশানে ‘ফিরোজা’য় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করেন খন্দকার মোশাররফ হোসেন।
২০২৪ সালের ২৭ জানুয়ারিতে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে খন্দকার মোশাররফের মস্তিস্কে সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসা শেষে তিনি ২১ ফেব্রুয়ারি দেশে ফেরেন। ২০২৩ সালের ১৭ জুন রাজধানীতে বিএনপির এক পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত ২৭ জুন সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হয় তাকে। সেখানে দুই মাস ১০ দিন চিকিৎসার পর ৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরেছিলেন।
কিন্তু আবার অসুস্থ হয়ে পড়লে ৫ ডিসেম্বর তাকে ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে পরে আবারও সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল তাকে।
