মেসিকে নিয়ে সুখবর দিলেন মাশ্চেরানো 

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৫:৩৫

অন্তত পাঁচ ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে লিওনেল মেসিকে। শুরুতে এমনটা গুঞ্জন ছিল। তবে বড় সুসংবাদ ইন্টার মায়ামির জন্য, মাঠে নামতে প্রস্তুত এলএমটেন। শনিবার (১৬ আগস্ট) মেজর লিগ সকারে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি বিপক্ষেই মাঠে ফিরছেন আর্জেন্টাইন মহাতারকা। বিষয়টি নিশ্চিত করেছেন মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো। 

শুক্রবার (১৫ আগস্ট) অনুশীলনের আগে গণমাধ্যমকে মায়ামি কোচ বলেন, 'লিও ভালো আছে। বুধবার থেকেই দলের সঙ্গে অনুশীলন করছে। আজকের সেশনে কিছু অস্বাভাবিক না ঘটলে কালকের ম্যাচে সে খেলতে পারবে।'

গত ২ আগস্ট লিগস কাপের নেকাক্সার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে হালকা চোট পান মেসি। ম্যাচের ১১ মিনিটেই তাকে তুলে নিতে হয়েছিল। সেই আঘাত কাটিয়ে ফিরছেন তিনি।

এই প্রত্যাবর্তন মায়ামির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গত সপ্তাহে তারা ৪-১ গোলে হেরে বসেছে অরল্যান্ডো সিটির কাছে। বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ৪২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে দলটি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৯ পয়েন্ট পেছনে রয়েছে তারা, তবে হাতে আছে তিনটি ম্যাচ।

বেশ ছন্দে রয়েছেন লিওনেল মেসি। এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১৮ গোলের পাশাপাশি করেছেন ৯টি অ্যাসিস্ট। গোল্ডেন বুট দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি।

ইত্তেফাক/জেডএইচ