শুক্রবার রাতে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে প্রথম ম্যাচ বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। অ্যানফিল্ড অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে ৬ গোলের থ্রিলার শেষে ৪-২ গোলের জয় নিয়ে মৌসুম শুরু করেছে আর্নে স্লটের শিষ্যরা। যদিও এই এক ম্যাচে ছিল শোক, স্মরণ, বর্ণবাদ ও চ্যাম্পিয়নদের চেনা রূপ।
মৌসুমে প্রথম ম্যাচে প্রয়াত লিভারপুল তারকা দিয়েগো জোতার প্রতি দ্য রেডর্স সমর্থকদের অগাত ভালোবাসা প্রতিফলিত হয়েছে। গ্যালারির লাল সমুদ্রে জোতার ২০ নম্বর জার্সি পরে মাঠে এসেছিলেন লিভারপুল সমর্থকরা। গত মাসে জোতার অকাল মৃত্যু এখনো মেনে নিতে পারছেন তারা। ম্যাচ শুরুর আগে যখন জোতা এবং তার ভাই আন্দ্রে স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হচ্ছিল। তখন মাঠে থাকা খেলোয়াড় থেকে শুরু করে কোচ কিংবা সমর্থক সবার চোখে তখন অশ্রুসিক্ত।
শুধু এই ম্যাচই নয়, প্রিমিয়ার লিগের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়া সব ম্যাচেই জোতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এছাড়া ও মৌসুম জুড়ে লিভারপুলের খেলোয়াড়দের জার্সি ও জ্যাকেটে 'ফরএভার ২০' প্রতীক থাকবে। যখন খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছিলেন তখন গ্যালারি থেকে ভেসে আসে 'ওহ, হি ওয়্যারস দ্য নম্বর ২০' গানটি। এরপর ম্যাচের ২০তম মিনিটে একটি পতাকা ওড়ানো হয়, যাতে লেখা ছিল 'অ্যানফিল্ড সব সময়ই তোমার বাড়ি'।
খেলায়ও ছিল উত্তাপ, প্রথমার্ধে বোর্নমাউথের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ছিল লিভারপুল। তবে বিরতি থেকে ফিরে প্রত্যাবর্তনের আভাস দিতে থাকে সফরকারীরা। অ্যান্তনি সেমেনিওর জোড়া গোলে সমতায় ফেরা বোর্নমাউথ যখন অ্যানফিল্ড থেকে পয়েন্ট নিয়ে ফেরার কথা ভাবছিল। তখন লিভারপুল বস আনমনে মাঠে খুঁজছিলেন প্রিয় শিষ্য জোতোকে, কেননা অসংখ্যাবার শেষ সময় নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন জোতা।
তবে এই ম্যাচে জোতার বদলে দৃশ্যপটে আগমন ঘটে ফেদেরিকো চিসার। গেল মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র ছয় ম্যাচ খেলেছেন এই ইতালিয়ান ফরোয়ার্ড। গোল করে দলকে লিড এনে দিয়ে জোতার যোগ্য উত্তরসূরির হয়ে ওঠার প্রমাণ দেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপর অতিরিক্ত সময়ে বোর্নমাউথের কফিনের শেষ পেরেকটা ঠকে দেন মোহাম্মাদ সালাহ। ২০২৫ ব্যালন ডি'অরের যোগ্য দাবিদারও মিশরের এই কিংবদন্তি।
তবে এমন শোক এবং ৬ গোলের থ্রিলারের ম্যাচ বাড়তি উত্তেজনা তৈরি করেছেন লিভারপুলের কিছু উগ্র সমর্থক। ম্যাচের ২৮তম মিনিটে বার্নমাউথের ফরোয়ার্ড অ্যান্তনি সেমেনিও যখন কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সে সময় গ্যালারিতে থাকা লিভারপুল সমর্থকদের ধারা বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। এই বিষয়ে সঙ্গে সঙ্গে রেফারি অ্যান্থনি টেইলরের কাছে অভিযোগ করেছেন অ্যান্তনিও। যার কারণে চার মিনিট বন্ধ রাখা হয়েছে খেলা।
যদিও দ্বিতীয়ার্ধে অ্যান্তনি সেমেনিও জোড়া গোলে নিস্তব্ধ হয়ে পড়েছিল গোটা অ্যানফিল্ড। তবে শেষ হাসি হাসতে পারেনি সফরকারীরা। ম্যাচ শেষে বর্ণবাদ নিয়ে হতাশা প্রকাশ করেছেন বোর্নমাউথ অধিনায়ক অ্যাডাম স্মিথ। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে তিনি বলেন, 'বিষয়টি পুরোপুরি অগ্রহণযোগ্য। আজকের দিনে দাঁড়িয়ে এমন ঘটনা ঘটে-বিশ্বাস করতে কষ্ট হয়। আমি জানি না অতোয়ান কীভাবে খেলা চালিয়ে গেছে এবং এর পরও গোল করেছে। ওর মন খারাপ, কিন্তু কিছু একটা অবশ্যই করতে হবে। হাঁটু গেড়ে প্রতিবাদে কোনো কাজ হয়নি। আমরা ওর পাশে আছি।'
এছাড়াও বর্ণবাদ নিয়ে মার্সিসাইড পুলিশ এক বিবৃতিতে জানায়, ৪৭ বছর বয়সী এক দর্শককে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে সেমেনিওকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে তদন্ত চলছে।
