ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে নিখোঁজ বাবার মরদেহ মিললো পুকুরে

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৪:২৯

কুমিল্লার মনোহরগঞ্জে ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর জামাল উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার দিশাবন্দ গ্রামে নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জামাল দিশাবন্দ গ্রামের সরওয়ার মেম্বারের ছেলে। ঘটনার পর নিহতের ছেলে আলাউদ্দিন বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দিশাবন্দ গ্রামের জামালের সঙ্গে একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সাকিবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে জামাল, সাকিব এবং জামালের ছেলে আলাউদ্দিন আহত হন।
আহতদের মধ্যে জামালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়। রাত আনুমানিক ২টার দিকে তিনি ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি।

পরদিন দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে স্থানীয়রা জামালের লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠায়।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ছেলে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ইত্তেফাক/এএইচপি