এশিয়া কাপে ভারতকে দেখে নেওয়ার হুমকি সাবেক পাকিস্তানি ক্রিকেটারের

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১২:৫৮

রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন ধরে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় না ভারত-পাকিস্তান। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টেই কেবল দেখা মিলে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। মাঠে নামার আগেই দুই দলের ক্রিকেটারদের মধ্যে জমে ওঠে কথার লড়াই।

রোববার (১৭ আগস্ট) ১৭ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দলে জায়গা হয়নি বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ক্রিকেটারদের। এশিয়া কাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা।

এবারের এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতসহ সংযুক্ত আরব আমিরাত, ওমান রয়েছে পাকিস্তানের গ্রুপে। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সাম্প্রতিক পারফরম্যান্সে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত। তবুও ভারতকে হারানো ব্যাপারে আত্মবিশ্বাসী পিসিবি প্রধান নির্বাচক ও সাবেক পাক ক্রিকেটার আকিব জাভেদ। তিনি বলেন, ‘এই দলের সামর্থ্য আছে ভারতকে হারানোর। পাকিস্তানের এই দল এশিয়া কাপে ভারতকে হারাতে পারবে।’

ভারত-পাকিস্তান ম্যাচই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ উল্লেখ করে আকিব জাভেদ আরও বলেন, ‘আপনি পছন্দ করুন বা না-ই করুন, ভারত-পাকিস্তান ম্যাচই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। প্রত্যেক ক্রিকেটার সেটা জানে। যেকোনো দলকে আমাদের দল হারাতে পারে। দুই দেশের উত্তেজনা বোঝে সবাই। কিন্তু ক্রিকেটারদের ওপর বাড়তি চাপ দেওয়ার দরকার নেই।’

এশিয়া কাপের আগে আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। শারজায় ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর হবে এই সিরিজ। এর দুই দিন পর ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

ইত্তেফাক/জেডএইচ