আলাস্কার বাসিন্দাকে নতুন মোটরসাইকেল উপহার দিলেন পুতিন

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৮:৪১

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ সম্মেলনের সময় অ্যাঙ্কোরেজ শহরের একজন স্থানীয় ব্যক্তিকে নতুন মোটরসাইকেল উপহার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যুক্তরাষ্ট্রে অবস্থিত রাশিয়ান দূতাবাসের একজন কর্মচারী আলাস্কার একটি হোটেলের পার্কিং লটে মার্ক ওয়ারেন নামের ওই ব্যক্তিকে 'ইউরাল' মোটরসাইকেলটির চাবি তুলে দেন। আলাস্কায় গিয়ে এই হোটেলটিতে রাশিয়ান প্রতিনিধিদল অবস্থান করছিল।

দূতাবাসের কর্মচারী আন্দ্রেই লেডেনেভ আলাস্কার ওই বাসিন্দাকে বলেন, 'আমি বলতে বাধ্য হচ্ছি, এটি রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের কাছ থেকে একটি ব্যক্তিগত উপহার।'

মার্ক ওয়ারেন নামের আলাস্কার বাসিন্দাকে নতুন মোটরসাইকেল উপহার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

সাদা চুলওয়ালা, চশমা পরা ওয়ারেনের সঙ্গে রয়টার্স মন্তব্যের জন্য যোগাযোগ করতে পারেনি বলে জানিয়েছে। তবে তাকে নতুন বাইকে চড়ে লাফিয়ে লাফিয়ে যেতে দেখা গেছে। পেছনে আরেকজন ব্যক্তিকে নিয়ে বাইকটি ঘুরিয়ে দেখার জন্য ছুটছেন।

রুশ সংবাদমাধ্যম 'রসিয়া ১' জানায়, ইউক্রেনে রাশিয়ার হামলার পর পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো কীভাবে সাধারণ আমেরিকানদের ওপর প্রভাব ফেলেছে, অ্যাঙ্কোরেজের বাসিন্দা মার্ক ওয়ারেন তার উদাহরণ।

ওয়ারেন সংবাদমাধ্যমটিকে জানান, নিষেধাজ্ঞার কারণে তার আগের মোটরসাইকেলটি মেরামত ক্রমশ ব্যয়বহুল হয়ে উঠেছে এবং যন্ত্রাংশ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

রুশ প্রেসিডেন্টের কাছ থেকে পাওয়া উপহার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, 'পুরনোটা (মোটরসাইকেল) আমার পছন্দের, কিন্তু এটা (নতুনটি) স্পষ্টতই অনেক ভালো। আমি বাকরুদ্ধ, এটা অসাধারণ। অনেক ধন্যবাদ।'

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ মন্তব্যের অনুরোধের জবাবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি।

ইত্তেফাক/এসকে