টেলিভিশনের ঝলমলে পর্দায় যখন অনেকেই খ্যাতির পেছনে ছুটছেন, তখন 'পবিত্র পুনিয়া' নিজের ক্যারিয়ার গড়েছেন এক ভিন্ন পথে। রিয়েলিটি শো থেকে শুরু করে ধারাবাহিক নাটকে অভিনয় - সবখানেই তিনি ছিলেন দৃঢ়, স্পষ্টভাষী এবং নিজের নীতিতে অটল। জনপ্রিয়তা এসেছে, আলোচনায় থেকেছেন, কিন্তু কখনোই আপস করেননি নিজের মূল্যবোধের সঙ্গে।
‘বিগ বস ১৪’-তে অংশ নেওয়ার পর পবিত্র পুনিয়া হয়ে ওঠেন পরিচিত নাম। সহ–অভিনেতা এজাজ খানের সঙ্গে সম্পর্ক তাকে এনে দেয় বাড়তি পরিচিতি। ‘ইয়ে হ্যায় মহব্বতে’ এবং ‘বলবীর’-এর মতো সিরিয়ালে তার অভিনয় প্রশংসিত হয়। কিন্তু এই সাফল্যের মাঝেও তিনি কখনোই কাজের ক্ষেত্রে নিজের সীমারেখা অতিক্রম করেননি।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, গত বছর বেশ কিছু কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কারণ, ঘনিষ্ঠ দৃশ্য এবং বিকিনি পরার মতো পোশাকের বিষয়ে তার স্পষ্ট আপত্তি রয়েছে। তিনি এমন কিছু করতে চান না যা দর্শক পরিবার নিয়ে বসে দেখতে না পারেন।
তিনি আরও বলেন, 'যদি শুধু খ্যাতির জন্য এসব করতে হতো, তাহলে অনেক আগেই বিখ্যাত হয়ে যেতাম। কিন্তু আমি করিনি, তাই অনেক কাজ ছাড়তে হয়েছে।' তিনি বলেন, 'আমি চাই মানুষ আমার কাজকে সম্মান করুক, সঠিক দৃষ্টিভঙ্গিতে দেখুক।'
পবিত্রর যাত্রা শুরু হয়েছিল এমটিভির ‘স্প্লিটসভিলা ৩’ থেকে। এরপর টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে ধাপে ধাপে এগিয়েছেন। ‘বিগ বস’-এর পর এজাজ খানের সঙ্গে সম্পর্ক, ২০২২ সালের বাগ্দান এবং ২০২৪ সালে বিচ্ছেদ - সবই ছিল তার জীবনের অংশ। কিন্তু ব্যক্তিগত জীবন যত আলোচিতই হোক, পেশাগত নীতিতে তিনি ছিলেন অটল এবং আছেন।
তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম
