নেছারাবাদ বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের সব পদ স্থগিত, কমিটি বিলুপ্ত

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১২:০৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওহিদ ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ আগামী এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কেন্দ্রীয় কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মো. আব্দুল আউয়াল মিন্টুকে অতিদ্রুত নতুন আহ্বায়ক কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান ওহিদ এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. নাসিরুদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ আগামী এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

সোমবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত অপর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কেন্দ্র থেকে উপজেলা বিএনপির পুরাতন আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন করে আহ্বায়ক কমিটি করার ঘোষণা আসায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিরোজপুর জেলাধীন নেছারাবাদ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পিরোজপুর জেলা সম্মেলন সম্পন্ন করার স্বার্থে নেছারাবাদ উপজেলা বিএনপির ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে অতিদ্রুত একটি আহ্বায়ক কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে আপনাকে (মো. আব্দুল আউয়াল মিন্টু) অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কিছু নেতার বিরুদ্ধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় কমিটির কাছে দুর্নীতি-অনিয়ম বা দলের শৃঙ্খলা পরিপন্থী অভিযোগ গিয়েছে। সে কারণে হয়তো কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।’

তবে আহবায়ক কমিটির কোন কোন নেতার বিরুদ্ধে কেন্দ্রের কাছে অভিযোগ গিয়েছে সে বিষয়ে তিনি জানেন না বলে জানান।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপুর বলেন, ‘নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে, এ বিষয়ে চিঠি পেয়েছি। তবে কি কারণে বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে তা আমার জানা নেই।’

ইত্তেফাক/এপি