অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ রাবাদার

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৭:৩৮

গোড়ালির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। সদ্য অজিদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন এই প্রোটিয়া পেসার। সিরিজে ৩ ম্যাচ খেলে ৫ উইকেট নেন তিনি। 

সোমবার (১৮ আগস্ট) ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন গোড়ালিতে অস্বস্তিবোধ করায় স্ক্যান করা হয় রাবাদার। রিপোর্টে তার গোড়ালিতে চোট ধরা পড়ে। কেয়ার্নসে সিরিজের প্রথম ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে রাবাদার ছিটকে যাবার বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

সিএসএ আরও জানায়, অস্ট্রেলিয়াতে থেকেই দক্ষিণ আফ্রিকার মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন রাবাদা। 

রাবাদা না থাকলেও দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ সামলাবেন নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিদি ও কিউনা মাফাকা। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আছেন কর্বিন বশ ও ওয়াইন মুল্ডার। স্পিন বিভাগে থাকছেন কেশব মহারাজ, প্রেনেলান সুব্রায়েন ও সেনুরান মুথুসামি। 

ওয়ানডের আগে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। 

ইত্তেফাক/জেডএইচ