মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে কারাভোগ শেষে ৩৯ বাংলাদেশিকে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে গাংনীর কাজীপুর সীমান্তের ১৪৭ নম্বর পিলারের কাছে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এ সময় নারীসহ ৩৯ জন বাংলাদেশিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে তুলে দেয়।
কাজীপুর বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কাইযুম হোসেন জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর এরা দেশটির বিভিন্ন কারাগারে আটক ছিলেন। সাজা শেষে ভারতীয় পুলিশ তাদের বিজয়পুর বিএসএফ ক্যাম্পে নিয়ে আসে এবং পরে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। হস্তান্তর হওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।
গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, বিজিবি থেকে হস্তান্তরের পর ৩৯ বাংলাদেশিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
