টেকনাফে ব্যবসায়ীকে অপহরণ, ১০ লাখ না দিলে লাশ ফেরতের হুমকি

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৮:৫৪

সেন্টমার্টিন থেকে টেকনাফে চিকিৎসার জন্য এসে মো. হাসেম নামে এক যুবক অপহরণের শিকার হয়েছে। তাকে জীবিত ফেরত পেতে পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) হাসেমের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। এর আগে শনিবার চিকিৎসাসহ প্রয়োজনীয় কাজ শেষে সেন্টমার্টিন ফেরার জন্য টেকনাফ কায়ুকখালী নৌ-ঘাট এলাকায় গিয়েছিল হাসেম। এরপর থেকে তিনি নিখোঁজ হন। সবশেষ মঙ্গলবার তার বাড়িতে ফোন করে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেন।

অপহৃত হাসেম টেকনাফ এলাকার নুর হোসেনের ছেলে। ওই এলাকায় তিনি মুদি দোকানের ব্যবসা করেন।

নুর হোসেন বলেন, আমার ছেলে মো. হাসেম গত ১০ আগস্ট রোববার সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সে টেকনাফে পৌঁছলে তার সঙ্গে কথাবার্তা হয়। সে জানিয়েছিল ডাক্তার দেখাবে এবং দোকানের জন্য মালপত্র কিনবে। শনিবার চিকিৎসাসহ কাজ শেষ করে দোকানের জন্য মালাপত্র কিনে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা করার জন্য টেকনাফ পৌরসভার কায়ুকখালী নৌঘাটের সার্ভিস ট্রলারের অফিসে গিয়েছিল। এরপর থেকে ছেলের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

গত ১৬ আগস্ট শনিবার ইমু নম্বরে অপরিচিত এক ব্যক্তি ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে জানিয়েছেন নুর হোসেন।তিনি অভিযোগ করে আরও বলেন, মুক্তিপণের টাকা না পেলে ছেলের লাশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হুমকি ধমকি দেওয়া হয়। থানায় অভিযোগ করেছি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত রোববার পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যুবককে উদ্ধারে পুলিশ কাজ করছে। 

ইত্তেফাক/এপি