সর্বোচ্চ ম্যাচ খেলে ব্রাজিলিয়ান গোলরক্ষকের বিশ্বরেকর্ড

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৬:৩৫

নতুন ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান অভিজ্ঞ গোলরক্ষক ফাবিও ডেইভসন লোপেজ। ৪৪ বছর বয়সী এই ফুটবলার খেললেন ক্যারিয়ারের ১,৩৯১তম প্রতিযোগিতামূলক ম্যাচ। যা পুরুষ ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড। এই তথ্য নিশ্চিত করেছেন তার ক্লাব ফ্লুমিনেন্স।

মঙ্গলবার (১৯ আগস্ট) মারাকানায় আমেরিকা দে ক্যালির বিপক্ষে ২-০ গোলের জয়ে মাঠে নামতেই সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন ফ্লুমিনেন্সের এই অভিজ্ঞ গোলরক্ষক।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম দাবি করছে, ফাবিও এখন এককভাবে বিশ্ব রেকর্ডধারী। যদিও ফিফা বা দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। 

ম্যাচ শেষে ফাবিও বলেন, 'অনেক সময় আমরা বুঝতেই পারি না এমন একটি রেকর্ড ভাঙার গুরুত্ব কতটা বিশাল। এত বছর ধরে টিকে থাকা রেকর্ড ভাঙতে পারাটা সত্যিই বিশেষ কিছু।'

ফ্লুমিনেন্স কোচ রেনাতো গাউচো বলেন, 'এমন রেকর্ড গড়তে গেলে নিখুঁত পেশাদারিত্ব ছাড়া সম্ভব নয়। ফাবিও আরও অনেক বছর খেলবেন, আর এই রেকর্ড ভাঙা ভবিষ্যতে কারও জন্যই খুব কঠিন হবে।'

২০০৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্রুজেইরোর হয়ে খেলেছেন ৯৭৬ ম্যাচ ফাবিও। তার আগে উনিয়াও বান্দেইরান্তের হয়ে ৩০ ম্যাচ ও ভাস্কো দা গামার হয়ে আরও ১৫০ ম্যাচ খেলেন। ফ্লুমিনেন্সের হয়ে মঙ্গলবার ছিল তার ২৩৫তম ম্যাচ।

গিনেসবুক রেকর্ডের তথ্যমতে– ইংলিশ ফুটবলার পিটার শিলটনের ১৩৯০ ম্যাচ খেলার রেকর্ড ছিল। যদিও তিনি ১৩৮৭ ম্যাচ খেলার কথা জানান। এখন সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেলেন ফাবিও।

 

ইত্তেফাক/জেডএইচ