বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী পালন

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০২:৩৭

যথাযথ মর্যাদায় শহিদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। 

বুধবার (২০ আগস্ট) সকালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি মিরপুরে অবস্থিত শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় আয়োজিত মোনাজাতে অংশগ্রহণ করেন এবং শ্রদ্ধাবনত চিত্তে তার অবদানের কথা স্মরণ করেন।

এসময় বিমান সদর এবং ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিমান সেনারা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদগুলোতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এসময় একাত্তরের মুক্তিযুদ্ধে তার গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এছাড়াও বিমান বাহিনী পরিচালিত সব স্কুল ও কলেজসমূহে শহিদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জীবনীর উপর আলোকপাত ও তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

ইত্তেফাক/এমএএম