গণরুম-গেস্টরুম কালচারের মূলোৎপাটন করব: আবিদুল ইসলাম

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৭:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী হতে পারলে গণরুম-গেস্টরুম কালচারের মূলোৎপাটন করবেন বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি (ভিসি) প্রার্থী আবিদুল ইসলাম খান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

আবিদুল ইসলাম বলেন, ‘সংগঠনের অভ্যন্তরীণ নেতা-কর্মীদের ভোটাভুটির মধ্যদিয়ে প্রার্থী নির্বাচন করে আমরা যে ইতিহাস রচনা করেছি তা যে কোনো ছাত্র সংসদ নির্বাচনের ইতিহাস বিরল।’ 

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ভোটাভুটির মধ্যদিয়ে গণতান্ত্রিক নির্বাচনে ছাত্রদল তাদের প্রার্থী নির্বাচিত করেছে, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে হৃদয় থেকে স্বাগত জানাবে এবং সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমাদের পাশে থেকে উৎসাহ দেবে।’

ডাকসু নির্বাচনে এই ভিপি পদপ্রার্থী বলেন, ছাত্রদলের প্যানেল বিজয়ী হলে গণরুম-গেস্টরুম কালচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে চিরতরে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে রাজনৈতিক যেসব অপসংস্কৃতি ছিল, সেগুলোর মূলোৎপাটন করা হবে।

তিনি বলেন, একজন ইস্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ঢোকার পর তার পড়াশোনা, রেজাল্ট, গবেষণা, সহশিক্ষা এবং পরিপূর্ণ ব্যক্তিত্বসম্পন্ন দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন, জাতীয়তাবাদী ছাত্রদল তার দিকে ফোকাস করবে।

ঢাবিকে পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের বেশি ফোকাস থাকবে জানিয়ে আবিদুল ইসলাম বলেন, ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে। তারা বাহিরের হোস্টেল বা মেসে থাকলে প্রচুর পরিমাণে খরচ হয়। অনেককে পরিবার আর্থিকভাবে সমর্থন দিতে পারে না। ফলে এসব শিক্ষার্থী ৪-৫টি টিউশন করে চলতে হয়। সারা দিন শুধু টিউশনের পেছনে সময় দেয়ায় একাডেমিক পড়াশোনায় পর্যাপ্ত সময় দিতে পারে না। এতে তার ফল ৩.৫০ (সিজিপিএ)-এর নিচে নেমে যায়। ফলে তারা ভালো কোম্পানিগুলোতে চাকরির জন্য আবেদন করতে পারে না। সুতরাং আমরা আমাদের শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করে তাদের জন্য একটি মানসিক প্রশান্তি আনতে প্রচেষ্টা চালিয়ে যাবে। যেন তারা বিশ্ববিদ্যালয়ের ভালোভাবে থাকতে পারে এবং পড়ালেখা চালিয়ে যেতে পারে।

তা ছাড়া তাদের পরিপূর্ণ ইশতেহারে ছাত্রদলের চিন্তার প্রতিফলন দেখতে পারবে বলে এসময় আবিদুল ইসলাম খান বলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানভীর বারী হামিম ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ অন্যরা।

ইত্তেফাক/এমএস