প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

‘দেশে ফাইবার অপটিক্যাল কেবলশিল্পের অমিত সম্ভাবনা রয়েছে’

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৯:৩৩

দেশে ফাইবার অপটিক্যাল কেবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বৃহস্পতিবার (২১ আগস্ট) খুলনার শিরোমণির বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড (বাকেশি) পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময়সভায় তিনি একথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশে ফাইবার অপটিক্যাল কেবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে। কমিউনিকেশনসহ বিভিন্ন ক্ষেত্র বিবেচনায় নিলে দেশে পাঁচ লাখ কিলোমিটার ফাইবার অপটিক কেবল নেটওয়ার্ক থাকা প্রয়োজন। কিন্তু দেশে কেবল দেড় লাখ কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের (বাকেশি) পরিবেশবান্ধব ও দূষণমুক্ত সবুজ কারখানার আন্তর্জাতিক সার্টিফিকেশন গ্রহণের উদ্যোগ নিতে হবে, তাহলে এখানকার উৎপাদিত পণ্যগুলোর ব্র্যান্ডভ্যালু বাড়বে। একই সঙ্গে এখানে উৎপাদিত পণ্যের নতুন ও সম্ভাবনাময় বাজার ও ক্রেতা খুঁজে বের করতে হবে। এ ক্ষেত্রে মন্ত্রণালয়ও সার্বিক সহযোগিতা করবে।
 
তিনি আরও বলেন, আগামীতে হয়তো পুরনো প্রযুক্তির পাওয়ার কেবল বা টেলিকম কেবলের চাহিদা কমবে। আবার নতুন প্রযুক্তির কেবলের চাহিদা বাড়বে। বাংলাদেশ কেবলশিল্প লিমিটেড বিভিন্ন প্রজন্মের কেবল উৎপাদন করে। এখানে ক্রমাগত পুরনো প্রযুক্তির বদলে নতুন প্রযুক্তি প্রয়োগের চেষ্টা অব্যাহত রাখতে হবে।

ইত্তেফাক/এমএএস