পদত্যাগের পর মিষ্টি বিতরণ,  কারণ জানালেন জাবি বাগছাসের যুগ্ম আহ্বায়ক

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ২০:৪৯

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাজমুল ইসলাম। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার পদত্যাগের তিনটি কারণ তুলে ধরেন।

নাজমুল ইসলাম জানান, আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদ না পাওয়া, এক বছর শিক্ষা জীবন থেকে বঞ্চিত হওয়া এবং পারিবারিক ও সামাজিক যোগাযোগ বন্ধ করে দেওয়ার কারণে তিনি পদত্যাগ করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘আমরা যারা জাকসু নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলাম, আমাদের অন্তত আলোচনার জন্য এক টেবিলে বসানো হয়নি। বরং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে নেতৃত্ব বণ্টনের চেষ্টা করা হয়েছে। আমি শুধু এজিএস পদ না পাওয়ার কারণে পদত্যাগ করিনি; গত এক বছরে আমাকে শোষণ ও বঞ্চনার শিকার হতে হয়েছে। আমার পড়াশোনা ব্যাহত হয়েছে, পারিবারিক ও সামাজিক সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়েছে। এমনকি দশ মাস পর পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি।’

তার পদত্যাগ প্রসঙ্গে বাগছাস জাবি শাখার সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, ‘তিনি ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র জমা দেননি। সাংগঠনিকভাবে বিষয়টি আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, বুধবার (২০ আগস্ট) নাজমুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। পরদিন পদত্যাগের পর তাকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

 

 

ইত্তেফাক/কেএইচ