তারেক রহমান একটা নতুন রাজনীতি উপহার দেবেন: এ্যানি

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১৬:১৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নতুনভাবে মানুষকে আশ্বস্ত করতে হবে, তারেক রহমান একটা নতুন রাজনীতি উপহার দেবেন। নতুন একটা সমাজব্যবস্থা উপহার দেবেন। কারণ আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। আলেকজান্ডার মডেল সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আগের রাজনীতি চলবে না। ১৭ বছরের রাজনৈতিক ট্রেন্ড চলবে না।’

তিনি বলেন, ‘রাজনীতি করি, নেতৃত্ব দিই, ইনকাম করার জন্য? না এটা চলবে না। রাজনীতি করবেন সেবা করার জন্য, সম্মানের জন্য। পদ যদি নিতে চান পদ নেবেন তবে পদের পেছনে কী কাজ করতে হবে, কী দায়িত্বগুলো পালন করতে হবে তা বুঝে নেবেন। এটা তারেক রহমানের কথা। নেতা হয়ে মোড়লগিরি করব, এই ভাব থেকে সরে আসতে হবে।’

ইত্তেফাক/এমএএস