কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায় জামায়াত: মুজিবুর রহমান

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১৬:৩৮

জামায়াত কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগর জামায়াতের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুজিবুর রহমান বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ করতে হলে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের আইন ছাড়া অনিয়ম-দুর্নীতি বন্ধ হবে না। একমাত্র পবিত্র কোরআনের আইনের মাধ্যমেই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। জামায়াত কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায়।

তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের সকল ভোটারের ভোট কাজে লাগবে। জনগণের ভোটের মূল্যায়নে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিকল্প নেই।

এ সময় তিনি আগামী নির্বাচনে জামায়াত ইসলামীর এমপি প্রার্থীদের বিজয়ী করতে সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

ইত্তেফাক/এমএএস