রাজীব গান্ধীর স্মৃতিবিজড়িত বিহারের আইকনিক মসজিদে রাহুল গান্ধী

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১৮:১০

ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিহারের একটি আইকনিক মসজিদ পরিদর্শন করেছেন। সেখানে তিনি মসজিদ কমপ্লেক্সের প্রধানের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। ৪০ বছর আগে এই মসজিদে গিয়ে ঠিক একই জায়গায় তার বাবা ও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বসেছিলেন। ছবি দুটি ভিন্ন রাজনৈতিক যুগের হলেও, বার্তা যেন একই।

এনডিটিভি জানিয়েছে, ১৯০১ সালে মাওলানা মোহাম্মদ আলী মুঙ্গেরি প্রতিষ্ঠিত খানকাহ রহমানি মসজিদটি কেবল সামাজিক সংস্কারেই সহায়তা করেনি, বরং ভারতের স্বাধীনতা সংগ্রামেও ভূমিকা পালন করেছে।

বিহারের জামালপুরে অবস্থিত খানকাহ রহমানি মসজিদে রাহুল গান্ধীর বাবা ও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ছবি: সংগৃহীত

প্রতিবেদন অনুসারে, রাহুল আজ শুক্রবার সকালে বিহারের জামালপুরে পৌঁছেছেন। 'ভোটার অধিকার যাত্রা'র অংশ হিসেবে তিনি গত রোববার সাসারাম থেকে দেশব্যাপী একটি প্রচারণা যাত্রা শুরু করেছেন। এর ছষ্ঠ দিনে তিনি জামালপুরে পৌঁছান।

সেখানে তিনি মসজিদটি পরিদর্শন করেন এবং আরজেডি নেতা তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে মসজিদের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। মুসলিম সম্প্রদায়ের বিশাল জনতা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্বরাও সেখানে ছিলেন। বিরোধী দলেে নেতাকেও রাহুলকে স্বাগত জানাতে দেখা যায়।

এনডিটিভি জানিয়েছে, খানকাহ রহমানি মসজিদের সঙ্গে গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্ক কয়েক দশক ধরে চলে আসছে, যা রাজীব গান্ধীর আমল থেকে শুরু। প্রাক্তন প্রধানমন্ত্রী ১৯৮৫ সালে মাজারটি পরিদর্শন করেছিলেন। আজ সকালে রাহুল গান্ধীকে ঠিক ৪০ বছর আগে তার বাবা যেখাবে বসেছিলেন, একই স্থানে বসে থাকতে দেখা গেছে।

ভারতে মুসলিম সম্প্রদায়ের জন্য খানকাহ গুরুত্বপূর্ণ এবং অতীতে জওহরলাল নেহেরু ও মহাত্মা গান্ধীসহ বেশ কয়েকজন অতিথি এখানে এসেছেন। স্বাধীনতা সংগ্রামের সময় মসজিদটি বিপ্লবীদের সাহায্য করেছিল বলে জানা যায়।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, এই মসজিদ কমপ্লেক্সটি ভারতে দুটি প্রধান জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা 'JEE' এবং 'NEET'-এর জন্য প্রকৌশলী এবং ডাক্তারদের প্রশিক্ষণের কেন্দ্র হিসাবে পরিচিত। এখানে উন্নত শিক্ষা প্রদানের জন্য স্মার্ট ক্লাসের ব্যবস্থাও রয়েছে।

ইত্তেফাক/এসকে