অসুস্থ গিল, এশিয়া কাপের আগে দুশ্চিন্তায় ভারত

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৫:১৩

আসন্ন এশিয়া কাপের আগে ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট দল। অসুস্থতার জন্য দুলীপ ট্রফি থেকে ছিটকে গেছেন শুভমান গিল। তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ অবস্থায় তাকে এশিয়া কাপে পাওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই নজর কেড়েছেন গিল। দুলীপ ট্রফিতে উত্তরাঞ্চলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। গিলকে সহ-অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিন্তু টুর্নামেন্টের আগে তার অসুস্থতা ভারতের উদ্বেগ বাড়িয়েছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, শুভমান গিল অসুস্থ। বিসিসিআইয়ের চিকিৎসকরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। গিল এখন চণ্ডিগড়ে নিজের বাড়িতে রয়েছেন। তবে তার অসুস্থতা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

উত্তরাঞ্চল এবং বিসিসিআই কর্তারা জানিয়েছেন, দুলীপ ট্রফিতে গিলের খেলার সম্ভাবনা নেই। এশিয়া কাপের আগে ফর্মে থাকা ব্যাটারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ফলে উত্তরাঞ্চলকে দুলীপ ট্রফি খেলতে হবে তাকে ছাড়াই।

আগামী ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হবে দুলীপ ট্রফি অনুষ্ঠিত হবে। এদিকে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। দুলীপ ট্রফিতে শুধু প্রথম ম্যাচ খেলার কথা ছিল গিলের। তবে সেই ম্যাচ আর খেলতে পারবেন না তিনি।

ইত্তেফাক/জেডএইচ