চোখের সামনে তুলে নিয়ে যায় তোফায়েলকে, পরদিন মিললো মরদেহ

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৫:০৬

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামে তোফায়েল আহমদ (৩২) নামে এক ব্যবসায়ী যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার গোরকঘাটা-জনতা বাজার সড়কের কাল্লুর ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে যৌথ বাহিনী।

নিহত তোফায়েল আহমদ কালারমারছড়া ইউনিয়নের ছিদ্দিক আহমদ মাতব্বরের ছেলে।

পরিবারের অভিযোগ, স্থানীয় একটি সন্ত্রাসী চক্র তাকে চিংড়িঘের থেকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে কালারমারছড়ার পশ্চিমে আট জইন্যা ও পনের জইন্যা এলাকার একটি চিংড়িঘেরে হামলা চালায় ২০-৩০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল। হামলাকারীরা ঘেরের কর্মচারীদের মারধর করে এবং প্রায় পাঁচ লাখ টাকার মাছ লুট করে নেয়। এরপর তারা ব্যবসায়ী তোফায়েলকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

তোফায়েলের পরিবার জানায়, অপহরণের বিষয়টি রাতেই প্রশাসনকে জানানো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে নামে। পরে রোববার ভোরে কাল্লুর ব্রিজের পাশের সড়ক থেকে তোফায়েলের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই সরওয়ার আহমদ অভিযোগ করে বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে চিংড়িঘের থেকে অপহরণ করে হত্যা করেছে লম্বা তারেক, রশিদ, বায়তুল্লাহ, গফুর, জয়নাল, রবি আলম, কালা জাহাঙ্গীরসহ প্রায় ২০-৩০ জনের একটি সন্ত্রাসী চক্র।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এএইচপি