রুমিন ফারহানার পোষ্য কর্মীরা এনসিপির নেতাকে আঘাত করেছে: সারজিস আলম

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৭:৪১

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসন নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানিকালে বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানার উপস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে।

রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসিতে শুনানিকালে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, হাতাহাতি ও কিল-ঘুষির ঘটনা ঘটে। এতে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ আহত হন বলে অভিযোগ।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুকে এক পোস্টে অভিযোগ করে লিখেছেন, “একদিকে জনাব রুমিন ফারহানার পোষ্য কর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে আর অন্যদিকে জনাব রুমিন ফারহানা গাল মুখ ফুলিয়ে, বিএনপি'র কেন্দ্রীয় নেতা ও আইনজীবী ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দেখেও না দেখার ভান করছে।” 

তিনি আরও লিখেন, ‘‘টকশোতে বড় বড় সুশীলতা দেখানো যায়, লেকচার দেওয়া যায়। কাজ দিয়ে প্রকাশ পায়- কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে।’’

এনসিপি নেতা আতাউল্লাহর অভিযোগ, শুধুমাত্র সীমানা পুনর্নির্ধারণের বিরোধিতা করে আপিল করায় তার ওপর হামলা চালানো হয়েছে। এ প্রসঙ্গ টেনে সারজিস লিখেন, “বিএনপি কি আওয়ামী লীগের চরিত্র ধারণ করতে চায়? জোর যার, মূলুক তার—এ সুযোগ আর দেওয়া হবে না।”

অন্যদিকে রুমিন ফারহানা দাবি করেছেন, প্রথমে তাকেই ধাক্কা দেওয়া হয়। তিনি বলেন, “আতাউল্লাহ পরিচিত মুখ নন। তিনি এনসিপি থেকে এসেছেন, না জামায়াত থেকে—আমি জানি না। আমাকে ধাক্কা দেওয়ার পর আমার লোকজনও জবাব দিয়েছে।”

ইসির ভেতরে সংঘটিত এ ঘটনা ঘিরে কমিশনের নিরপেক্ষতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপি নেতারা।

 

 

ইত্তেফাক/এএম