সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া খাঁ পাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত স্বামী। হত্যার পর পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
রোববার (২৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রঞ্জনা খাতুন (৩৮)। তিনি ওই গ্রামের ইব্রাহিমের স্ত্রী। অভিযুক্ত ইব্রাহিম কান্দাপাড়া খাঁ পাড়ার আব্দুস সাত্তারের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান রাত সাড়ে ১১টার দিকে জানান, ইব্রাহিম ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রঞ্জনাকে কুপিয়ে হত্যা করে। হত্যার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
