ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মসজিদে চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের হাতে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) ভোররাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রানা মিয়া (৩৫)। তিনি সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের হিরণ পলাশিয়া গ্রামের বাসিন্দা।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ জানান, ভোররাতে মসজিদের তালা ভাঙার শব্দ শুনে স্থানীয়রা বের হয়ে আসেন। ডাক-চিৎকার দিলে আরও লোকজন জড়ো হয়ে রানাকে ধরে ফেলে। পরে তাকে পিটুনি দেওয়া হয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এখনও পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
স্থানীয়দের একজন জানান, ওই মসজিদে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। ঘটনার সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়।
ওসি আরও জানান, নিহত রানা মিয়ার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে একটি তারাকান্দা থানায়, তিনটি ময়মনসিংহ কোতোয়ালী থানায় এবং একটি গাজীপুরের জয়দেবপুর থানায়।
