পুলিশকে ছুরিকাঘাত করা সেই ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ২৩:১৭

রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের এক অতিরিক্ত উপ-কমিশনারকে (এডিসি) ছুরিকাঘাতকারী ছিনতাইকারীকে অবশেষে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মো. রিপন (৩০)। 

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিবি-তেজগাঁও ডিভিশনের একটি টিম।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ১২ আগস্ট সকাল আনুমানিক ৯ টা ৪০ মিনিটের দিকে সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাকে আটক করতে গেলে সে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। ওই সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংয়ের দিকে যাচ্ছিলেন ডিএমপির প্রটেকশন বিভাগের এডিসি (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজা। তিনি ছিনতাইকারীকে পালাতে দেখে গাড়ি থেকে নেমে আটকের চেষ্টা করলে ছিনতাইকারী হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করেন। এতে এডিসি রেজার ডান হাতের মধ্যমাংশে অনেকটা কেটে যায় এবং ছিনতাইকারী পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তীতে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। 

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় চারটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এমএএম