সোহানকে দলে নেওয়ায় নির্বাচকদের ধন্যবাদ দিলেন রাজিন

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৭:০০

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ ৩ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টির দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। সেইসঙ্গে দলে ফিরেছেন ওপেনার সাইফ হাসান।

দেশের ঘরোয়া ক্রিকেটে সোহান নিয়মিত পারফর্মার। এই উইকেটরক্ষক ব্যাটারকে এশিয়া কাপের দলে নেওয়ায় নির্বাচকদের ধন্যবাদ জানিয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও কোচ রাজিন সালেহ।

মঙ্গলবার (২৬ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাজিন বলেন, 'নতুন যে টিমটা হয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই, যারা সিলেক্টর তাদেরকে ধন্যবাদ যে সোহানকে সুযোগ দেওয়ার জন্য। সোহানের আসলে জায়গাটা প্রাপ্য এবং উনারা সঠিক সময়ে ওকে নিয়েছে এবং সাইফ হাসানকে সুযোগ দিয়েছে। আমি মনে করি টিম অনেক ভালো হয়েছে।'

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও কোচ রাজিন সালেহ।

এশিয়া কাপে বাংলাদেশ দলের ভালো করার ব্যাপারে আশাবাদী রাজিন। তিনি আরও বলেন, 'আমি বলছি না যে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে যাক বাংলাদেশ টিম। আমাদের টিমটা যদি সেমিফাইনাল খেলে এবং ফাইনালে যায়, আমি মনে করি যে খুশি হবো। আমাদের এই টিমটা সেমিফাইনাল খেলার মত টিম এখন। আমি মনে করি যে অনেক অভিজ্ঞ দল এখন। কারণ এখানে ওপেনার থেকে শুরু করে আমি সোহান পর্যন্তই বলবো অনেক অভিজ্ঞ এবং সাইফ হাসান অনেক অভিজ্ঞ, অনেক বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলছে।'

ইত্তেফাক/জেডএইচ