নারী নির্যাতনের প্রতিকার ও প্রতিরোধে ‘কুইক রেসপন্স টিম’ কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে জাগো নারী উন্নয়ন সংস্থা আয়োজিত ‘প্রযুক্তি সুবিধাপ্রাপ্ত লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবেলায় নীতিগত সুপারিশ’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বর্তমানে প্রযুক্তির অপব্যবহার নারী ও কন্যাশিশুর জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে বাল্যবিবাহ, প্রেমের ফাঁদ এবং নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটছে।
উপদেষ্টা বলেন, ‘বাল্যবিয়ের সংজ্ঞা এখন পাল্টে গেছে। মোবাইল নামক যন্ত্রটির অপব্যবহারের কারণেই ছোট ছোট মেয়েরা প্রেমের ফাঁদে পড়ে নারী নির্যাতনের শিকার হচ্ছে।’
এ সময় তিনি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মেয়েরা অনেক সময় অবুঝ থাকে, তাই পরিবার ও সমাজের সতর্কতা ও সচেতনতাই পারে তাদের নির্যাতন থেকে রক্ষা করতে।
সংলাপে জানানো হয়, নারী নির্যাতন প্রতিরোধে একযোগে কাজ করছে ২২টি সংগঠন। এর মধ্যে রয়েছে জাগো নারী উন্নয়ন সংস্থা, নারী পক্ষ, হিউম্যান রাইটস বাংলাদেশ, সাইবার টিনস ফাউন্ডেশন, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), ব্র্যাকসহ আরও বেশ কিছু সংগঠন।
শারমীন এস মুরশিদ বলেন, ‘এই ২২টি সংগঠনের প্ল্যাটফর্মে তরুণ-তরুণীরা প্রযুক্তির মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তাদের এই উদ্যোগ প্রশংসনীয়।’
তিনি বলেন, ‘ব্যক্তিগত, সামাজিক এবং পারিবারিক সচেতনতাই পারে একটি মেয়েকে নির্যাতন থেকে রক্ষা করতে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেতন হতে হবে।’
