রামেক হাসপাতালে রাজশাহী কারাগারের কয়েদির মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ২১:৩২

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কয়েদি সাজেদুল ইসলাম ইজদারের (৪৫) কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাজেদুল রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা গ্রামের সাজদার রহমানের ছেলে।

গত ২৩ আগস্ট রাতে কয়েদি সাজেদুলকে বুকে ব্যথা কারণে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তাকে প্রথমে ৩২ নং ওয়ার্ডে এবং পরে ৪২ নং ওয়ার্ডে স্থানান্তর করা হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান বলেন, চিকিৎসকরা জানান কয়েদি সাজেদুল গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। সকালে কারা বিধি অনুযায়ী তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মৃতের সহোদর রবিউল ইসলাম জানান, সাজেদুল ইসলাম আম ও কাঠের ব্যবসা করতেন। ব্যবসার প্রয়োজনে ফাঁকা চেক ও স্ট্যাম্প দিয়ে বিভিন্ন ব্যক্তির থেকে সুদের ঋণ নিয়েছিলেন। কিন্তু ব্যবসায় লোকসান হওয়ায় ঋণ আর পরিশোধ করতে পারেননি। পরে তার বিরুদ্ধে আদালতে চারটি চেক প্রতারণার মামলা করা হয়। এসব মামলায় তার যথাক্রমে এক বছর, ৬ মাস, চার মাস ও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়। ২০২৩ সালের ২৭ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়। আগামী ২৬ নভেম্বর সাজার মেয়াদ শেষে তার মুক্ত হওয়ার কথা ছিল।

ইত্তেফাক/এমএএস