দুই দফা দাবিতে ৬ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে জবি শিক্ষার্থীরা

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৭:৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নীতিমালা ও সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তির দাবিতে ৬ষ্ঠ দিনের মত অবস্থান কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে দুই দাবি পূরণ হওয়া না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে ঘোষণা দিয়েছেন তারা। 

বুধবার (২৭ আগস্ট) ১২টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় শিক্ষার্থীদের। 

এর আগে ২০ আগস্ট থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধের দিনে আন্দোলন বন্ধ থাকে। ফলে রবিবার থেকে অবস্থান কর্মসূচি পুনরায় শুরু হয়ে আজ ৬ষ্ঠ দিনের মত আন্দোলন চলছে।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা 'আটটা টু আটটা, বাজায় কার ঘন্টা',' ভিসি স্যার জানেন না নাকি, আমরা এখানে বসে গেছি' ভিসিস্যার শুনছেন নাকি, আমরা এখানে বইসা গেছি',' হচ্ছে হবে বাদ দাও, কবে হবে বলে দাও',' করছি করছি বাদ দাও, কবে হবে বলে দাও',' জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো','সিন্ডিকেটের গদিতে, আগুন জ্বালো একসাথে',' জকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার',' বৃত্তি আমার অধিকার মুখে দেওয়ার সাধ্য কার',' বিপ্লবে বলিয়ান, নির্ভীক জবিয়ান',' আবাসন বৃত্তি দিতে হবে, দিয়ে দাও',' এ লড়াইয়ে জিতবে কারা, জবিয়ান জবিয়ান',' এ লড়াইয়ে হারবে কারা, প্রশাসনের দালালেরা, এ লড়াইয়ে হারবে কারা সিন্ডিকেটের দালালেরা',' সহ প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।

অবস্থান কর্মসূচিতে শাখা ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ, আপ বাংলাদেশ, ইসলামিক ছাত্র আন্দোলন সহ ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচির বিষয়ে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, আমরা আমাদের বহুল আকাঙ্খিত সম্পূরক বৃত্তি নিয়ে আমরা স্পষ্ট কোনো ব্যাখা প্রশাসন থেকে এখন পর্যন্ত পাইনি। জকসু নিয়ে স্পষ্ট কোনো রোডম্যাপ প্রশাসন আমাদের দিতে পারেনি। সম্পূরক বৃত্তি নিয়ে সুস্পষ্ট ব্যাখা এবং জকসুর রোডম্যাপ পাওয়ার আগ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলতে থাকবে।

লাগাতার কর্মসূচি চালিয়ে যাবার প্রসঙ্গে জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, প্রশাসন গতকালকে সিন্ডিকেটে জকসুর নীতিমালা অনুমোদন করেছে কিন্তু আইন পাশ, তফসিল সহ আমরা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি। সম্পূরক বৃত্তির ব‍্যাপারেও তারা স্পষ্ট কিছু জানায়নি। তারা শিক্ষার্থীদের এই আন্দোলনকে ছেলেখেলা ভাবছে কিন্তু তারা বুঝতেছে না এর কনসিকোয়েন্সেস (পরিণতি) কি হতে পারে!

ইত্তেফাক/এএইচপি