ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথমবারের মতো ইরানে গেলেন জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা। বুধবার (২৭ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আইনপ্রণেতাদের বলেছেন, আইএইএর সঙ্গে তেহরান কীভাবে পূর্ণাঙ্গ কাজ পুনরায় শুরু করবে, সে বিষয়ে কোনো চুক্তি এখনো হয়নি।
তবে তিনি বলেন, পরিদর্শকরা ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি পরিবর্তন তদারকি করবেন।
ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরুজ্জীবিত করার জন্য ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির সঙ্গে বৈঠক করার একদিন পর আরাঘচির এ মন্তব্য এলো।
পশ্চিমারা দাবি করে আসছে, ইরানের এই কর্মসূচির লক্ষ্য বোমা তৈরি করা, যদিও এর পক্ষে কোনো প্রমাণভিত্তিক তথ্য তারা দিতে পারেনি। ইরান বারবার বলেছে, তাদের পারমাণবিক বোমা তৈরির ইচ্ছে নেই, কেবল বেসামরিক প্রকল্পগুলোতে মনোনিবেশ করা হচ্ছে।
জুন মাসে আইএইএ'র একটি উস্কানিমূলক প্রতিবেদনের পর ইসরায়েল ইরানের মাটিতে হামলা চালিয়ে আগ্রাসন শুরু করে। ইরানও শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালায়। এরই মাঝে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানে হামলায় যোগ দেয়।
এরপর ইরানের জুন মাসে পার্লামেন্ট আইএইএ'র সঙ্গে সহযোগিতা স্থগিত করে একটি আইন পাস করে। শর্ত দেওয়া হয়, ভবিষ্যতে যে কোনো পরিদর্শনের জন্য তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সবুজ সংকেত প্রয়োজন হবে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাউন্সিল পরিদর্শকদের সফর অনুমোদন করেছে, কিন্তু আইএইএ'র সঙ্গে নতুন সহযোগিতার পদ্ধতির কোনো খসড়া চূড়ান্ত বা অনুমোদিত হয়নি।

