জাকসু নির্বাচন

প্রার্থিতা ফিরে পেলেন ১৫ জন, প্রথমবারের মতো ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ২১:২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে আপিল শুনানির পর ১৫টি বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনে প্রথমবারের মতো ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত আপিল শুনানির পর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

তিনি বলেন, 'প্রার্থীদের মনোনয়নপত্রে যেসব ত্রুটি ছিল, আপিল শুনানিতে সংশ্লিষ্ট প্রার্থীরা তা সংশোধন করেছেন। সংশোধিত আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।'

এর আগে, ২৫ আগস্ট প্রকাশিত খসড়া তালিকায় ২০টি মনোনয়ন বাতিল করা হয়েছিল। ২৬ আগস্ট থেকে এই বাতিল আদেশের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আসন্ন জাকসু ও হল সংসদ নির্বাচনে ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে তথ্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন পূর্বেই এ তালিকা প্রকাশ সম্ভব হবে, যা ভোটার শনাক্তকরণে কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২৮ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরদিন ২৯ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। তালিকা প্রকাশের পরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।

আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে সম্ভাব্য ৬টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯২৯ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ১০২ জন এবং নারী ভোটার ৫ হাজার ৮১৭ জন।

ইত্তেফাক/আইএ