জুলাই বিপ্লব পরবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীলদের কর্তৃক উগ্র এবং অসৌজন্যমূলক আচরণের মাধ্যমে শিক্ষার্থীদের হেয় করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টির জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
২৬ আগস্ট (মঙ্গলবার) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ অভ্যুত্থানের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রশাসন জুলাই যোদ্ধাদের সাথে অনবরত চাটুকারিতার মাধ্যমে নানান দাবি দাওয়া পূরণ না করে ঝুলিয়ে রেখে গোষ্ঠী স্বার্থ রক্ষায় নিয়োজিত। সম্প্রতি ছাত্রদের উত্থাপিত পদত্যাগ দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান আমলা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের “মূর্খ ও অছাত্র” বলে আখ্যায়িত করেছেন। যা প্রকারান্তরে ২৪ এর গণ অভ্যুত্থানকে অবজ্ঞার সামিল।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে আরও বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিকার/বিচারে ব্যর্থতার জন্য ইতিমধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বৈরী মনোভাব সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এ পরিস্থিতি আমাদের জন্য কোনোভাবেই কাম্য নয়।
সর্বশেষ বিজ্ঞপ্তিটিতে প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীলদের আহ্বান করে বলা হয়, তুমুল প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি-কৃত মেধাবী শিক্ষার্থীদের মূর্খ ও অছাত্র বলে সম্বোধন করে ছাত্রসমাজকে হেয় করায় আমরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে এ ধরনের উদ্ধত, অশালীন, উগ্র এবং অসৌজন্যমূলক আচরণ থেকে বিরত থাকা এবং শিক্ষার পরিবেশ অবনতি হয় এ ধরনের সকল কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।
