প্রাইম ব্যাংকের সহায়তায় বছরের পর বছর ধরে স্কুল ক্রিকেট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বের শীর্ষ ক্রিকেট খেলুড়ে অনেক দেশেই স্কুল ক্রিকেটের কাঠামো বেশ শক্ত। সেদিক থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ। ভারতের বিভিন্ন রাজ্য ও শহরে স্কুল ক্রিকেটের সংস্কৃতি বেশ গভীর।
প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে স্কুল ক্রিকেটকে আরও কার্যকর করে তুলতে চায় বিসিবি। তাই সামনের সময়টায় স্কুল ক্রিকেট নতুন রূপে শুরু করার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) চট্টগ্রামে আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি প্রধান বলেন, 'আগামী দিনের তামিম-সাকিব-মুশফিক-রিয়াদ, এরা সবাই স্কুলে আছে। এটা আমাদের কাজ, আমাদের দায়িত্ব যে, প্রতিভাগুলোকে আমরা কীভাবে বের করে নিয়ে আসবো।'
তিনি আরও বলেন, 'স্কুল ক্রিকেট অনেক দিন ধরে হচ্ছে। কিন্তু আমরা এবার নতুন উদ্যোগে নতুনভাবে আমরা স্কুল ক্রিকেট করবো। সেখানে শুধু স্কুল ক্রিকেটে ওরা খেলবেই না, সেখান থেকে দেশজুড়ে ক্রিকেট ভক্ত তৈরি করবো আমরা এবং দ্বিতীয়ত যেটা হবে, সেখান থেকে আমরা সুপার ট্যালেন্টগুলো বের করে আনবো।'
বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রিকেট বিকেন্দ্রীকরণের চেষ্টা করছেন বুলবুল। চট্টগ্রামের এই টুর্নামেন্টকে সেই পথেই একটি পদক্ষেপ বলা যায়। বিসিবি প্রধান এই টুর্নামেন্টের মূল কৃতিত্ব দিলেন চট্টগ্রামের সন্তান বিসিবি পরিচালক আকরাম খানকে।
বুলবুল বলেন, 'এটা আইডিয়া পর্যায়ে ছিল এবং সেখান থেকে মাঠে নিয়ে আসার পরিকল্পনা করেছে আকরাম খান ও তার দল। আমার কাছে মনে হয়, বিকেন্দ্রীকরণ শুধু ক্রিকেটের প্রতিযোগিতামূলক নয়, প্রতিটি জেলার নিজস্ব যে ক্রিকেট সত্তা আছে, সেটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে, বিভিন্ন উপজেলা থেকে ভালো ক্রিকেটাররা জেলাতে এসে যেন খেলতে পারে, সেই জেলা যেন শুধু একটা ভালো ক্রিকেট দল নয়, বরং একটি ক্রিকেট পরিবার গড়তে পারে, ফিজিও-ট্রেনার ও সব স্টাফদের তৈরি করতে পারে।'
