বিপিএল তদন্ত কমিটির প্রতিবেদন জমা, এখনই কারও নাম প্রকাশ করবে না বিসিবি

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৫:২২

গত আসরের বিপিএলে দুর্নীতি, অব্যবস্থাপনা ও কাঠামোগত ঘাটতি নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জমা দিয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাতে এই প্রতিবেদন তুলে দেওয়া হয়।

বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিবেদনে যাদের নাম এসেছে, তাদেরকে বিসিবির গঠনতন্ত্র, আইসিসির দুর্নীতি দমন ধারা এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রক্রিয়ার আওতাধীন করা হবে। তবে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও সবার অধিকার রক্ষার্থে এই পর্যায়ে কোনো ব্যক্তি বা সত্তার নাম প্রকাশ করা হবে না।   

বিসিবি আরও জানিয়েছে, সেরা আন্তর্জাতিক মান ও আইসিসির নির্দেশিকা অনুযায়ী প্রতিবেদন পর্যালোচনা করে কঠোর গোপনীয়তায় পুরো প্রক্রিয়া অনুসরণ করায় জোর দেওয়া হবে। 

তদন্ত কমিটির সুপারিশগুলো বিসিবি কর্মকর্তার সঙ্গে পর্যালোচনা করবে এবং সময়মতো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বিপিএলের ভবিষ্যৎ আসরের আয়োজনের জন্য বেশ কিছু জরুরি সংস্কার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে- ফ্র্যাঞ্চাইজি পরিচালনার কাঠামো, দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থার তদারকি এবং নিরাপত্তা জোরদার করার বিষয়টি।

তদন্ত কমিটি আগামী মাসের শেষ নাগাদ চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে আশা করছে বিসিবি। সেখানে থাকবে বিস্তারিত মতামত ও কাঠামোগত সংস্কারের সুপারিশ। তবে বিসিবি জানিয়েছে, প্রাথমিক তদন্ত প্রতিবেদন নিয়ে বিসিবি আর কোনো মন্তব্য করবে না।

ইত্তেফাক/জেডএইচ/এনজি