পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবারও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সরব হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে কলাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তরা তাদের আট দফা দাবি তুলে ধরে জানান, দীর্ঘদিন অপেক্ষার পরও প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলনের প্রধান সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর। তিনি বলেন, জমি হারিয়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়লেও কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করছে না। তাই অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবিগুলোর মধ্যে রয়েছে— পরিবারভিত্তিক যোগ্যতার ভিত্তিতে স্থায়ী চাকরির ব্যবস্থা; অধিগ্রহণকৃত জমির দেড়গুণ মূল্য দ্রুত পরিশোধ; সব ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের আওতায় আনা; বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করা; ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা সুবিধা নিশ্চিত করা; এলাকায় পরিবেশগত ক্ষতি নিরূপণ করে ক্ষতিপূরণ প্রদান; বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট দুর্নীতি ও সম্পদ লুটপাটে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা; এবং ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের জন্য বিশেষ পুনর্বাসন প্যাকেজ ঘোষণা।
রবিউল আউয়াল অন্তর আরও বলেন, 'দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষকে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হলো। এরপরও কোনো উদ্যোগ না নিলে আমরা বিদ্যুৎ কেন্দ্রগামী প্রধান সড়কে অবরোধসহ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো।'
সংবাদ সম্মেলনে কলাপাড়ার ধানখালী ইউনিয়নের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত বহু পরিবার উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে উন্নয়নের স্বপ্ন দেখলেও বাস্তবে জমি হারানো মানুষগুলো প্রতিশ্রুতির ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত।

