সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি হলো ব্র্যাডম্যানের ক্যাপ 

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৩:৩১

অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের ১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে পরা একটি ক্যাপ ৪,৩৮,৫০০ অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়ে কিনেছে অস্ট্রেলিয়া ন্যাশনাল মিউজিয়াম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

১৯৪৬-৪৭ সালের সিরিজে, সে সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন ব্র্যাডম্যান। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে খেলা প্রথম টেস্ট সিরিজ। পাঁচ টেস্টের এই সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র। 

The auctioneer, Charles Leski, inspects the Baggy Green cap worn by Don Bradman during the 1948 'Invincibles' tour. It is expected to make more than AUS$600,000, Melbourne, December 2, 2008

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার এই জাদুঘর ক্যাপটি সংগ্রহ করলেও অর্ধেক খরচ বহন করেছে ফেডারেল সরকার। এই ক্যাপটি কেনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ সংরক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক।

তিনি বলেন, ‘ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম শোনেনি এমন অস্ট্রেলিয়ান খুঁজে পাওয়া কঠিন। তিনি নিঃসন্দেহে সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। এখন তার একটি প্রতীকী ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ার ন্যাশনাল মিউজিয়ামে থাকায় দর্শনার্থীরা কাছ থেকে তা দেখার সুযোগ পাবেন এবং আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পারবেন।’

ন্যাশনাল মিউজিয়ামের পরিচালক ক্যাথরিন ম্যাকমাহন এই প্রতীকী ক্যাপকে সংগ্রহে স্বাগত জানিয়ে বলেন, ‘স্যার ডোনাল্ডের ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ার সবচেয়ে বিখ্যাত ব্যাটারের জীবনকে চিহ্নিত করে এবং সেই সময়কে প্রতিফলিত করে যখন খেলাধুলার নায়কেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী দুঃখ-কষ্টের সময় অস্ট্রেলিয়ানদের আশা জুগিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা আনন্দিত যে এই জাতীয় সম্পদ এখন অস্ট্রেলিয়ার ন্যাশনাল মিউজিয়ামে সবার জন্য প্রদর্শিত হবে।’

ইত্তেফাক/জেডএইচ