মেদভেদেভের র‍্যাকেট ভাঙার জরিমানা অর্ধকোটি

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৫:২০

ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বড় অঘটনের শিকার হয়েছেন সাবেক চ্যাম্পিয়ন দানিয়েল মেদভেদেভ। ফ্রান্সের বেঞ্জামিন বনজের কাছে হেরে বিদায় নেন রুশ তারকা। হারের হতাশা মেনে নিতে না পেরে কোর্টেই ভেঙে ফেলেন নিজের টেনিস ব্যাট। ম্যাচ শেষে তিনি স্বীকারও করেছিলেন, এমন কাণ্ডের জন্য শাস্তির মুখোমুখি হতে প্রস্তুত। 

অবশেষে সেই শাস্তিই পেয়েছেন মেদভেদেভ। মার্কিন যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, সাবেক নাম্বার ওয়ান তারকাকে মোট ৫১ লাখ ৬৮ হাজার টাকার ওপরে (৪২ হাজার ৫০০ ডলার) জরিমানা করা হয়েছে। এর মধ্যে ৩৬ লাখ ৪৮ হাজার টাকার বেশি (৩০ হাজার ডলার) জরিমানা করা হয়েছে 'আন স্পোর্টসম্যানশিপ কন্ডাক্ট'-এর জন্য এবং বাকি ১৫ লাখ ২০ হাজার টাকা (১২ হাজার ৫০০ ডলার) চেয়ার ও র‍্যাকেট ছুড়ে মারার ঘটনায়। 

এই জরিমানার পরিমাণ মেদভেদেভের প্রথম রাউন্ডে খেলার পুরস্কার মূল্যের প্রায় ৪০ শতাংশ। নিজের ভুল স্বীকার করে মেদভেদেভ বলেছেন, 'আমি যথেষ্ট বড় অঙ্কের জরিমানা পাচ্ছি। তাই যদি এ নিয়ে কিছু বলি, আরও বড় সমস্যায় পড়তে পারি। এজন্য কিছু না বলাই ভালো।'

 

ইত্তেফাক/জেডএইচ