তর্কের মাঝে শেষ মরিনিয়োর তুর্কি মিশন

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৭:৩৫

‘স্পেশাল ওয়ান’ খ্যাত হোসে মরিনিয়ো আবারও বরখাস্ত। ইউরোপের একের পর এক ক্লাবে চাকরি হারানোর তালিকায় এবার যোগ হলো তুরস্কের ফেনারবাচে।

২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে উঠার লক্ষ্য ছিল ক্লাবটির। তবে প্লে-অফে বেনফিকার কাছে ১-০ গোলে হেরে বাদ পড়ে মরিনিয়োর দল। ব্যর্থতার পর এক বিবৃতিতে ক্লাবটি জানায়, 'আমাদের পেশাদার দলের টেকনিক্যাল ডিরেক্টর হোসে মরিনিয়ো, যিনি ২০২৪-২৫ মৌসুম থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সঙ্গে আমাদের সম্পর্কের সমাপ্তি ঘটেছে। দায়িত্ব পালনকালে এই দলে তার অবদানের জন্য আমরা ধন্যবাদ জানাই এবং ভবিষ্যৎ ক্যারিয়ারে তার সফলতা কামনা করি।’

রয়টার্স ও বিবিসি জানিয়েছে ক্লাব ফেনেরবাচের সঙ্গে আলোচনার মাধ্যমে তার ক্লাবটির কোচিং অধ্যায় শেষ হয়েছে। তবেদ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, তাকে ছাঁটাই হয়েছেন।

গত ১ জুলাই দায়িত্ব নেওয়ার পর ফেনারবাচের হয়ে ৬২টি ম্যাচে মাঠে নামেন মরিনিয়ো। এর মধ্যে জয় এসেছে ৩৭ ম্যাচে, ড্র ১৪টি ও হার ১১টি। তবে ক্লাবটির সাফল্য খুব একটা ছিল না। গেল মৌসুমে গ্যালাতাসারাইয়ের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে লিগ শেষ করে দ্বিতীয় স্থানে।

তুরস্কে কোচিংয়ের সময় নানা বিতর্ক ও শাস্তির মধ্যেও জড়ান ৬২ বছর বয়সী এই পর্তুগিজ কোচ। রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যান ইউ, টটেনহ্যাম ও রোমার কোচ হিসেবে নানা সাফল্য থাকলেও, সাম্প্রতিক বছরগুলোতে তার বিদায়দৃশ্য বেশিরভাগ ক্ষেত্রেই অনাকাঙ্ক্ষিত।

 

ইত্তেফাক/আইএ