এশিয়া কাপ শুরুর ঠিক আগমুহূর্তে বড় পরিবর্তন এলো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ে। সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন রজার বিনি। তার স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি রাজীব শুক্লা।
সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী লোধা কমিটির সুপারিশ ছিল—৭০ বছর পার করলে কেউ বিসিসিআইয়ের প্রেসিডেন্ট থাকতে পারবেন না। যদিও পিটিআই জানায়, নতুন জাতীয় ক্রীড়া নীতিতে ফেডারেশন প্রধানদের জন্য বয়সসীমা ৭৫ করা হয়েছে, তাই গত মাসে ৭০ বছর পূর্ণ করা বিনির থাকার ক্ষেত্রে বাধা ছিল না। কিন্তু ওই নীতিমালা এখনও কার্যকর হয়নি। পূর্ণ কার্যকরের জন্য সময় লাগবে আরও কয়েক মাস। ফলে আইনি জটিলতা এড়াতে পদ ছেড়েছেন বিনি।
এদিকে আগামী বুধবার বিসিসিআইয়ের কাউন্সিল সভা দিয়ে যাত্রা শুরু হচ্ছে রাজীব শুক্লার। আলোচনার কেন্দ্রে থাকবে—ড্রিম১১ এর সঙ্গে স্পন্সর চুক্তি বাতিল ও নতুন পৃষ্ঠপোষক খোঁজার বিষয়টি। ফলে শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাকে।
নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে থাকবেন শুক্লা।
