জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দফা দাবি গণ অধিকার পরিষদের

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ২০:০২

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। একই সঙ্গে দলটির পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে এই তিন দফা দাবি তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান।

সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন জেএসডি, লেবার পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক দল, জনতার অধিকার পার্টি এবং গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তব্যে তারা নুরের ওপর হামলাকে ‘পরিকল্পিত’ আখ্যা দেন এবং হামলাকারীদের পেছনে ‘রাষ্ট্রীয় ছত্রচ্ছায়া’ থাকার অভিযোগ তোলেন।

সমাবেশে বক্তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান। এর আগপর্যন্ত রাজপথে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন। সমাবেশে নুরুলের ওপর হামলার ঘটনা পরিকল্পিত বলে দাবি করা হয়।

সমাবেশে ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, ‘নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব দে’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘জাতীয় পার্টির ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ওয়ান টু থ্রি ফোর, জাতীয় পার্টি নো মোর’, ‘জাতীয় পার্টির আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সমাবেশে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা পল্টন, প্রেসক্লাব, কাকরাইল ও বিজয়নগর হয়ে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

গণ অধিকার পরিষদের নেতারা জানান, দাবি না মানলে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ইত্তেফাক/আইএ