কৃষিবিদদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী লেবুখালী টোলপ্লাজার সামনে মহাসড়কে অবস্থান নেন।
সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা এক ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। দুপুর ১টার দিকে কর্মসূচি শেষ করে তারা ক্যাম্পাসে ফিরে যান।
তাদের ৩ দফা দাবি হলো:
১। ডিএই, বিএডিসিসহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/ উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।
২। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসি এর কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না।
৩। কৃষি অথবা কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

