চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি ও একটি অস্ত্রের কাঠের বাটসহ মো. রাজু ওরফে মিন্টু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে রাউজান থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন।
গ্রেপ্তারকৃত রাজু ওই এলাকার আলী আকবর শাহরাজের ছেলে।
পুলিশ জানিয়েছে, শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ওসি মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) খোরশেদ আলম ও সঙ্গীয় ফোর্স নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ান পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজু মিন্টুকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, রাজু দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, অপহরণ, অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নানা অপরাধের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজি ও অপহরণের চারটি মামলা রয়েছে।
